শহরের ২নং পুল এলাকায় প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ শহরতলীর ২নং পুল বহুলা এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির মাদকসেবী ও উঠতি বয়সী যুবক এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা পথচারী ও যানবাহন থামিয়ে নানা ধরনের হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ২নং পুল বহুলা এলাকায় এক ফেরিওয়ালার গতিরোধ করে চাকুর ভয় দেখিয়ে আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি আহত হন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং পুল বহুলা এলাকা দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। বিশেষ করে সন্ধ্যার পর ২নং পুল, পোদ্দার বাড়ি ও মোহনপুর বাইপাস সড়কের বিভিন্ন স্থানে উঠতি বয়সী যুবকদের দলবদ্ধভাবে অবস্থান করতে দেখা যায়। তারা পথচারীদের গতিবিধি লক্ষ্য করে সুযোগ বুঝে ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকাবাসীর দাবি, মাদকসেবীদের আনাগোনা ও প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। সন্ধ্যার পর জরুরি প্রয়োজনে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই আতঙ্কে থাকেন। স্থানীয়রা দ্রুত এসব এলাকায় পুলিশি টহল জোরদার এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

প্রথম পাতা