হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৯দিন পর জানা গেছে মৃত ব্যাক্তির করোনা পজেটিভ ছিল। শনিবার বিকেলে আসা রিপোর্টে এই তথ্য জানা গেছে। এদিন ওই ব্যাক্তিসহ নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে রয়েছে ৪ জন ডাক্তার, নার্স ও পুলিশ সদস্য। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, গত ৪ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসার সময় মারা যায় সদর উপজেলার বহুলা গ্রামের মনিরুল ইসলাম নামে এক ব্যাক্তি। পরে তার নমুনা সংগ্রহ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহ দাফন করা হয় শায়েস্তাগঞ্জে। ৯দিন পর শনিবার আসা রিপোর্টে তার করোনা পজেটিভ ছিল বলে নিশ্চিত করা হয়। এছাড়াও ১৩ জনের নতুন শনাক্ত হয়। এর মাঝে চুনারুঘাট উপজেলায় ৬ জন, বাহুবল উপজেলায় ৪ জন এবং হবিগঞ্জ সদর উপজেলায় ৩ জন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪০ জনে দাড়িয়েছে এবং সুস্থ হয়েছে ১৪২ জন। মৃত্যু বরণ করেছে ৪ জন।