কালেঙ্গায় অবৈধভাবে কাঠ পাচারের সময় ৩ জন আটক
তারিখ: ১০-ফেব্রুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 চুনারুঘাট উপজেলার কালেঙ্গা রেঞ্জের বন বিভাগ অভিযান চালিয়ে একটি ডায়না ট্রাকভর্তি বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় কালেঙ্গা রেঞ্জের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল খালিক, ফরেস্টার মোঃ আল-আমীন এবং শায়েস্তাগঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি দল কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর এলাকায় টহল দেয়। এ সময় তারা কাঠ বোঝাই একটি ডায়না ট্রাক দেখতে পেয়ে গাড়িটি আটক করার চেষ্টা করলে চালক বন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে ট্রাকটি চুনারুঘাট বটতলার দিকে নিয়ে যায়।
পরে বন বিভাগের কর্মকর্তারা ট্রাকটির পিছু নিয়ে চুনারুঘাট বটতলা এলাকায় গিয়ে কাঠভর্তি ডায়না ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৪৩৬) আটক করতে সক্ষম হন। ট্রাকে থাকা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কাঠ পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকের মালিক ও কাঠের মালিক একই ব্যক্তি। আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার হুরপাড়া গ্রামের মোল্লা বাড়ির মোঃ ছাবু মিয়ার ছেলে মোঃ সাকিব মিয়া (২৫), গোবিন্দপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ নূর আলম (২৪) এবং গোয়াসপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোঃ মোজাম্মেল হক সুমিত (২৮)। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ও ডায়না ট্রাকটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।