বালিয়াড়িতে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় মারধোর ও ধর্ষণচেষ্টার মামলা
তারিখ: ১০-ফেব্রুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি গ্রামের মাইজপাড়ায় রাস্তা বন্ধের প্রতিবাদ করায় ভুক্তভোগীদের মারধোর ও ধর্ষণচেষ্টার মামলা দেওয়ার অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন। ওই গ্রামের মুরব্বি ও যুবসমাজ ভুক্তভোগীর বাড়িতে একত্রিত হয়ে গতকাল এ প্রতিবাদ সভা করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াড়ি গ্রামের মাইজপাড়ায় দীর্ঘদিনের জনচলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেয় প্রভাবশালীরা। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে দুই মাস পূর্বে ওই গ্রামের ভুক্তভোগী মতিন মিয়ার ছেলে বাচ্চু মিয়া দুলু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এরই জের ধরে ভুক্তভোগীর পাশের ঘরের মৃত আব্দুল গণির ছেলে লিলু মিয়া, কাদির মিয়ার ছেলে বাচ্চু মিয়া, সাজু মিয়া সহ একদল দুলু মিয়াদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন মৃত আব্দুর রউফের ছেলে আব্দুল মন্নান (৫২)। পরে তিনি বাদী হয়ে উক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালত অভিযুক্তদের কারাগারে প্রেরণ করেন। 
পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার নিমিত্তে হামলাকারীদের ভাই হারুনের বউ রুজিনা (৩২) আক্তার চুনারুঘাট থানায় ৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। চুনারুঘাট থানা-পুলিশও কোনো তদন্ত ছাড়া সেই অভিযোগ রুজু করে মামলা নেন। আর এই মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে ওঠে এলাকাবাসী। 
এলাকার মুরুব্বি আফরোজ মিয়া জানান,  পরিকল্পিতভাবে মন্নান মিয়াকে ফাঁসানোর চেষ্টা করছে তারা। ধর্ষণের মতো জঘন্য কর্মকান্ডের সাথে সে কোনভাবেই জড়িত না। মূলত রাস্তা বন্ধের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। অন্যদিকে, মামলা দায়েরকারী পক্ষ অভিযোগের বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 
এ বিষয়ে চুনারুঘাট থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।