স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ ও সিলেটে র্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে মোট ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র্যাব-৯ জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ক্লিনিকের পেছনের ঝোপে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে দুপুরে র্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার পানিছড়া হাবিবনগর চা বাগানে অভিযান চালায়। সেখানে পাহাড়ের একটি গুহা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে র্যাব-৯ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা এয়ারগানগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।