শহরের উত্তর শ্যামলীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি
তারিখ: ৯-মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আলম ফুল মিয়ার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই দিন গভীররাতে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসায় পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে চোরেরা বাসার দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ তছনছ করে। পরে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, একটি এলইডি টিভি, বৈদ্যুতিক চুলা এবং ঈদের কেনাকাটার কাপড়সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, চুরির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

প্রথম পাতা