আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ঝলক
তারিখ: ৯-মার্চ-২০২৬
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

 আজমিরীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনায় উঠে এসেছে বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা খালেদুর রশীদ ঝলকের নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শে বলীয়ান এই নেতা দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচ্ছন্ন, সাহসী, দৃঢ়চেতা ও আপসহীন কণ্ঠ হিসেবে পরিচিত। আজমিরীগঞ্জ উপজেলার মাটি ও মানুষের প্রিয় মুখ হিসেবে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।
ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতির পথে হাঁটেন। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে বিরূপ সময়েও তিনি দল ও আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রেখেছেন বলে সহকর্মীরা জানান।
রাজনৈতিক জীবনে খালেদুর রশীদ ঝলক সিলেট মহানগরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সিলেটস্থ ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। তিনি উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং আজমিরীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা মহামারি ও বন্যার সময় বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুযোগ পেলে তিনি আজমিরীগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন উপজেলায় রূপান্তর করার লক্ষ্যে কাজ করবেন। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা, যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নই হবে তার অগ্রাধিকার।
রাজনীতি তার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার এমন বিশ্বাস থেকেই তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছেন বলে ঘনিষ্ঠজনরা জানান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ত্যাগী ও পরীক্ষিত নেতার নেতৃত্বকে মূল্যায়ন করার দাবি জানিয়েছেন তৃণমূলের অনেক নেতাকর্মী ও সমর্থক।

প্রথম পাতা