স্টাফ রিপোর্টার ॥
শহরের রামকৃষ্ণ মিশন রোডে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় পুলিশ-র্যাব পৃৃথক অভিযান চালিয়ে শাহিনুর রহমান চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে। এদিকে শাহিনুর রহমান দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। গতকাল রবিবার বিকালে সদর মডেল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম অভিযুক্ত শাহিনুরকে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ এর বিচারক আব্দুল মন্নানের আদালতে হাজির হলে সে জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ তার কাছ থেকে লুন্ঠিত টাকা, এমিটেশনের জিনিসপত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। এর আগে পুলিশ আনোয়ারপুর গ্রামের শাহিনুর রহমান (২০), জালালাবাদ গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আবুল কালাম (৩০) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে তাদের দেয়া তথ্য মতে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মতিউর রহমান চৌধুরীর পুত্র শাহিনুর রহমান চৌধুরীকে শনিবার রাতে র্যাব গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে।
প্রসঙ্গত, আইনজীবি শ্যামল কান্তির বাসায় একদল ডাকাত তাদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল নিয়ে যায়। তিনি বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ, র্যাব ও বিভিন্ন বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং মালামাল উদ্ধার করে। ওসি দেলোয়ার হোসেন জানান, অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। আশা করি সবকিছুই উদ্ধার হবে।