স্টাফ রিপোর্টার ॥
করবো মোরা রক্তদান, ‘বাঁচবে রোগী ফিরবে প্রাণ’ এই স্লোগানকে ধারণ করে মানবসেবায় কাজ করে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রেড সেল ইন বাংলাদেশ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, অসহায় ও স্বল্প আয়ের শতাধিক মানুষের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় আনন্দঘন পরিবেশে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের তরুণ ও উদ্যমী সদস্যরা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে নতুন ঈদের পোশাক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ছায়েদ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজ গোপাল সরকার, অর্থ সম্পাদক সাকিব খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তুলে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ জানান, রেড সেল ইন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। প্রবাসী কমিটি ও সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি। ঈদকে সামনে রেখে আমরা ১০০ জন অসহায় মানুষের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”এ আয়োজন বাস্তবায়নে সংগঠনের প্রবাসী কমিটির সদস্যরা আর্থিকভাবে সহযোগিতা করেন। প্রবাসী কমিটির সভাপতি আল আমিন খান রানা ও সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া বলেন, “রেড সেল ইন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারও গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র—শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে প্রবাসী কমিটি পাশে থাকবে।”তারা এ মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।