লাখাই প্রতিনিধি ॥
লাখাই উপজেলায় পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যাওয়া এক আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী মারামারিসহ একাধিক মামলার আসামী। শনিবার (১৪ মার্চ) তাকে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাপ পরানো হয়। পরে তাকে পুলিশ গাড়িতে তোলার সময় সে কৌশলে এএসআই আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করে। রোববার (১৫ মার্চ) বিবাড়িয়া জেলার নাছিরনগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আবু কাউছার ও প্রণয় কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রাম থেকে রুবেল চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। দ্রুত অভিযান ও নজরদারির মাধ্যমে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।