শহরে মহিলাদের জন্য বরাদ্দ টমটমে পুরুষ যাত্রী!
তারিখ: ১৬-মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

শহরে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে শুক্রবার চালু করা হয় সংরক্ষিত টমটম সেবা। তবে উদ্বোধনের একদিন পরই এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল দেখা যায়, নারীদের জন্য নির্ধারিত টমটমেই পরিবহন করা হচ্ছে পুরুষ যাত্রী। এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে, হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের চালু করা এ সংরক্ষিত টমটম সেবায় নিয়ম-কানুন মানছেন না মালিক ও চালকদের একটি অংশ। এতে নারী যাত্রীদের জন্য নেওয়া বিশেষ উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নারী যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে পৌরসভা কয়েকটি টমটম সংরক্ষিত হিসেবে নির্ধারণ করে দেয়। এসব টমটমে মূলত নারী যাত্রীদের অগ্রাধিকার দিয়ে পরিবহনের কথা থাকলেও বাস্তবে অনেক চালক ও মালিক সেই নির্দেশনা মানছেন না। অনেক ক্ষেত্রে পুরুষ যাত্রী পরিবহন করা হচ্ছে এবং নির্ধারিত নিয়মও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সচেতন মহলের মতে, এতে নারী যাত্রীরা যেমন প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি উদ্যোগটির মূল লক্ষ্যও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। কয়েকজন নারী যাত্রী জানান, সংরক্ষিত টমটম থাকলেও অনেক সময় তা সহজে পাওয়া যায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে চালকরা নারী যাত্রীদের পরিবর্তে সাধারণ যাত্রী তুলছেন, যা নিয়মবহির্ভূত। উদ্যোগটি কার্যকর করতে নিয়মিত তদারকি ও চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরি।

প্রথম পাতা