বাহুবল প্রতিনিধি ॥
বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহারের অপরাধে শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
জানা যায়, উত্তরসুর গ্রামের শাহ আলম আলী গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন এবং একপর্যায়ে নিজ স্ত্রীকে প্রহার করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা ও অপরাধের ধরন বিবেচনায় তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, মাদক সেবন, নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান ও ব্যবস্থা অব্যাহত থাকবে।