নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
তারিখ: ১৬-অগাস্ট-২০২৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 নবীগঞ্জে নানাবাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেদওয়ান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সম্প্রতি রেদওয়ান তার মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা রেদওয়ানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির আশপাশের কয়েকটি পুকুরেও তল্লাশি চালানো হয়। পরে বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত রেদওয়ানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় নেমে এসেছে শোকের আবহ। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম পাতা