স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে দোকানের মালিকানা নিয়ে হামলায় তিন নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও ওই গ্রামের মুখলেছুর রহমানের স্ত্রী জুনু আক্তার (৩২), তার মা ছুগেরা খাতুন (৮০) ও মেয়ে রওজাতুুল সামিয়া (৭)। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত জুনু আক্তারের অভিযোগ- তার স্বামীসহ তিন ভাইয়ের নামে একটি দোকান আছে। যা ভাসুর সেলিম মিয়া কাউকে জানাতে দেননি। জুনু আক্তার খোঁজ নিয়ে বিষয়টি জানতে পারেন। এরপর থেকে সেলিম মিয়াসহ দুই ভাসুরের পরিবারের চক্ষুশূল হয়ে ওঠেন জুনু। গত শুক্রবার জুনু আক্তারের উপর হামলার চেষ্টা করা হয়েছিল।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাপড় শোকানোর সময় ভাসুর সেলিম মিয়া, ভাসুরের স্ত্রী রুবি আক্তার, আরেক ভাসুরের স্ত্রী সাদিয়া আক্তার, ভাসুর কন্যা সুমাইয়া আক্তারসহ কয়েকজন তার উপর হামলা করেন। এসময় তার বৃদ্ধা মা ও শিশুকন্যাকেও আহত করেন হামলাকারীরা। পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মাকর্তাকে জানালে তিনি পুলিশকে বলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন- আমার অফিসের কর্মচারী জুনু আক্তার তার উপর হামলা হয়েছে জানালে আমি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করি। বিষয়টি এখন ওসি সাহেব দেখবেন।
চুনারুঘাটের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।