স্টাফ রিপোর্টার ॥
বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনার ৩ দিনেও হয়নি মামলা। এছাড়া ইউএনওকে ‘তুই শেষ’ বলে প্রকাশ্যে হুমকি দেয়া বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রেদোয়ান তালুকদারের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহণ না করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ বলছে, মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে’। তবে রহস্যজনক কারণে উপজেলা প্রশাসন এ বিষয়ে এখনও কোন পদক্ষেপ গ্রহন করেনি।
এদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ১৩ আগষ্ট দুপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এক পর্যায়ে তারা ইউএনও’ র কার্যালয়ে ঢুকে কুরুচিপূর্ণ স্লোগান দেন। ইউএনও মাহমুদা আক্তার সাথীকে উল্লেখ করে ‘তুই শেষ’ তারাতারি ফলাফল স্থগিত দে’ বলে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান তালুকদার’র বিরুদ্ধে। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ ঘটনার ৩ দিনেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন আইনী পদক্ষেপ নেয়া হয়নি। তবে আজ রোববার এ বিষয়ে যে কোন একটি সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে উপজেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন বলেন, ‘কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না’ উল্লেখিত ঘটনার দিন সেখানে আমাদের দলীয় কোন কর্মসূচি ছিলনা। যেহেতু একজন ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার দলীয় পরিচয় থাকায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে’।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন ধরণের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যে কারনে কোন গ্রেফতার নেই। তবে অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য. বুধবার (১২ আগস্ট) রাতে বানিয়াচং উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ৫কারী নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় নিজেদের নাম না থাকায় একদল নিয়োগ বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে ১৩ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন।