স্টাফ রিপোর্টার ॥
নবীগঞ্জ শহরের শেরপুর রোডে সরকারি জায়গা দখল করে পাকা পিলার দিয়ে টিনসেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। একই এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই লাইটেস স্ট্যান্ড পরিচালনার অভিযোগও রয়েছে। এতে যানজটসহ নানা ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বাসাবাড়ি ও মার্কেটের মালিকরা। সরেজমিনে দেখা যায়, শহরের লাইটেস স্ট্যান্ডের পাশে ও নতুন বসা সবজি হাটসংলগ্ন শেরপুর রোডের সরকারি জায়গায় পাকা পিলার দিয়ে স্থাপন করে একটি টিনসেড ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জায়গাটি সরকারি হলেও সেখানে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থাপনা নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে নির্মাণ কাজ না করার জন্য নিষেধ করা হয়েছিল। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পাকা পিলার দিয়ে টিনসেড ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীসহ সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তবে প্রভাবশালী মহলের ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে স্থানীয়দের দাবি।
এদিকে শহরের প্রাণকেন্দ্রে সরকারি ভূমির ওপর প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে লাইটেস স্ট্যান্ড পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সেখানে নোহা, হাইয়েস, প্রাইভেটকার ও লাইটেসসহ বিভিন্ন যানবাহন অবস্থান করায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আশপাশের ব্যবসায়ী, বাসাবাড়ি ও মার্কেটের মালিকদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সচেতন নাগরিকদের দাবি, নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে শহরের প্রাণকেন্দ্র থেকে লাইটেস স্ট্যান্ডটি সরিয়ে সালামতপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানান্তর করা হোক। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে উদ্ভূত সমস্যাগুলোর দ্রুত সমাধানে উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন নবীগঞ্জের সচেতন মহল