স্টাফ রিপোর্টার ॥
মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) ভোরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে, বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি জব্দ করা হয়।
অপরদিকে, তেলিয়াপাড়া বিওপির টহলদল একই দিন সকালে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস ও ভারতীয় জিরা উদ্ধার করে। এ ঘটনায় মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শাহেদ মিয়া (২৫) ও দোয়ারাবাজার উপজেলার আশরাফুল (২০)। পরে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির পৃথক অভিযানে খাশপাড়া এলাকা থেকে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করা হয় বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।