হবিগঞ্জে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বানিয়াচং উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের কাছ থেকে ২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। এর আগে উপজেলা পরিষদের হল রুমে লটারীর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু মনসুর মোঃ সাখাওয়াত হাসান জীবন। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাহাদুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকী।
সূত্র জানায়, চলতি বছর ১ হাজার ৪৪০ টাকা দরে জেলার কৃষকদের কাছ থেকে ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। নীতিমালা অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ৩ টন করে ধান সরবরাহ করতে পারবেন।
বানিয়াচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকী বলেন, ‘ দুই জন কৃষকের কাছ থেকে লটারীর মাধ্যমে ধান সংগ্রহ করা হয়েছে। আগামী বুধবার আবারও লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে’।
এদিকে, সরকারি গুদামে ধান দিতে গিয়ে প্রকৃত কৃষকরা প্রায়ই সিন্ডিকেটের কবলে পড়ার আশঙ্কায় থাকেন। এ বছর সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারী ভাবে ধান ক্রয় করার দাবী জানিয়েছেন সচেতন মহল।
উল্লেখ্য, চলতি মৌসুমে হাওর ও নন-হাওর মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এর মধ্যে টানা বৃষ্টিপাতের কারণে হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ১১ হাজার হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৬২৩ হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৯১৫ হেক্টর জমি। এতে সরাসরি ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১৯ হাজার ৬৩০ জন কৃষক।