স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া-সাধুরবাজার টু উচাইল আঞ্চলিক সড়কের দু’পাশে থাকা সরকারী কাছ কেটে নিচ্ছে একদল দূর্বৃত্ত। প্রকাশ্যে দিনের বেলায় গাছ কেটে নেয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানতে পেরে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার নির্দেশে রাজিউড়া ভূমি অফিসের তহশীলদার ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন।
জানা যায়, গত শনিবার দিনের বেলা রাজিউড়া ইউনিয়নের চানপুর গ্রামের আলতাব আলীর পুত্র মোঃ ভেনু মিয়া ও প্রণদ চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী স্থানীয় এলাকার কিছু শ্রমিক নিয়ে প্রকাশ্যে দিনের বেলায় এলজিইডির রাস্তার সরকারী গাছ কেটে নিয়ে যায়। এসময় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করেনি। এভাবে প্রকাশ্যে দিনদুপুরে রাস্তার সরকারী গাছ কেটে নেয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে রাজিউড়া ভূমি অফিসের তহশীলদার ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কেটে নেয়ার সত্যতা পেয়ে ইতোমধ্যে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার বরাবরে প্রতিবেদন দাখিল করেছে। এদিকে প্রকাশ্যে সরকারী গাছ কেটে নেয়ায় ভেনু মিয়া ও পার্থকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসীর।