বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার ৩ দিন পরও আসামীরা গ্রেফতার হয়নি
তারিখ: ২৩-মে-২০১৩
সংবাদদাতা \ বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৩ দিনেও কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এদিকে ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত শনিবার গভীর রাতে বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউপির শংকরপুর গ্রামের প্রবাসী আবু মুসার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। বাধা দিলে নোয়াখাল চরগাঁও গ্রামের মজুমদারের ছেলে ডাকাত নজরুল ইসলাম (৩০) ও কাশিপুর গ্রামের ডাকাত ইরান ফেরত মোজাহিদ (২৭) মিলে নববধু আছমাসহ পরিবারের অন্যান্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় আবু মুছা বাদী হয়ে নজরুল, মোজাহিদসহ ৭/৮ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেপ্তারে ওসিকে নির্দেশ দেন। কিন্তু ৩ দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করছে না। এদিকে ওই ডাকাতির ঘটনার পর থেকে প্রবাসীর পরিবারের লোকদের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। উল্লেখ্য, সম্প্রতি নজরুলের ভাই আশিকুল ও মোজাহিদ বিভিন্ন অপরাধে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজত বাস করে।
প্রথম পাতা