ধুলিয়াখালে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ডাকাতদের প্রহারে গুরুতর আহত ৩
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকার নুর হার্ডওয়ার ও এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর শো-রুমে ডাকাতি হয়েছে। ৭/৮ জনের মুখোশপড়া ডাকাত দল গত বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে হানা দেয়। এসময় মৌলভীবাজারের এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর গাড়ি থেকে মালামাল আন লোড করা হচ্ছিল। ডাকাতরা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুল আওয়ালের ছোট ভাই বেলাল মিয়া, কোম্পানীর গাড়ি চালক সঞ্জিত দেব এবং হেলপার আবু হানিফকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। লুট করে নিয়ে যায় ক্যাশ বাক্স থেকে ৪৫ হাজার টাকা এবং কোম্পানীর গাড়ী চালক সঞ্জিব দেব এর কাছ থেকে মালামাল বিক্রির ১ লাখ ৬৫ হাজার টাকা। এসময় বাধা দিলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বেলাল মিয়া, সঞ্জিত দেব এবং আবু হানিফ গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তারা পড়ে থাকলে টহলরত পুলিশ ব্যবসা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাওয়ার সময় আর্ত চিকার শুনে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আশংকাজনক অবস্থায় সঞ্জিত দেব ও আবু হানিফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এব্যাপারে একটি লিখিত এজাহার থানায় দেয়া হয়েছে। এ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গতকাল বুধবার বিকেল ৫টায় ধুলিয়াখাল এলাকা থেকে সিরাজ মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সিরাজ ধুলিয়াখাল গ্রামের ছক্কত আলী। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুল আওয়াল জানান- ডাকাতদের প্রত্যেকের মুখোশ পড়া ছিল। তাদের হাতে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতি হওয়ার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছৈ।
প্রথম পাতা