শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকার বাসিন্দা প্রবাসী খোর্শেদ আলমের ঘর থেকে লুন্ঠিত মোবাইল ফোনসহ ডাকাতের স্ত্রী মাশকুরা আক্তার মাসুদা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের নেতৃত্বে এসআই মোবারক হোসেন, এএসআই জুলহাস উদ্দিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামে মাশকুরার ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মাশকুরাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা সূত্র জানায়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে শায়েস্তাগঞ্জের নূরপুর নোয়াহাটি এলাকার বাসিন্দা প্রবাসী খোর্শেদ আলমের ঘরে ডাকাতদল প্রবেশ করে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তের দায়িত্ব পান এসআই মোবারক হোসেন। তিনি তদন্ত করতে গিয়ে লুন্ঠিত মোবাইল ফোনের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মোবাইলসহ বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের আলামিনের স্ত্রী মাশকুরাকে তার ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এসআই মোবারক হোসেন জানান- মাশকুরা পুলিশের কাছে স্বীকার করেছে এ মোবাইলটি তার স্বামী তাকে দিয়েছে। বর্তমানে তার স্বামী ডাকাতির অভিযোগে পাবনায় সঙ্গীসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে সেখানের কারাগারে আটক রয়েছে।
তিনি জানান- আলামিনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। আলামিনকে জিজ্ঞাসাবাদ করলে সংঘটিত ডাকাতির বিভিন্ন তথ্য বের হয়ে আসতে পারে।