তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের ॥ কারাগারে প্রেরণ ॥ এমপি আবু জাহিরকে হত্যার হুমকিদাতা এনামুল হক বিপ্লবকে দল থেকে বহিস্কার
তারিখ: ৫-ডিসেম্বর-২০১৪
এ কে কাওসার ॥

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে আটক সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক বিপ্লবকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। বিপ্লব শহরতলীর পইল গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও দলীয় সূত্র জানায়, ২৭ নভেম্বর রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রস্তুতি সভা চলছিল। সভায় এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বক্তব্য চলাকালে তার মোবাইল ফোনে ০১৭১৭৫৪০৯৯৯ নম্বর থেকে একটি ম্যাসেজ আসে। তাতে লেখা ছিল ‘আই কিল ইউ’। এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ম্যাসেজটি দেখে বক্তব্য বন্ধ রেখে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে দেখান। এমপি মজিদ খান ম্যাসেজটি সভায় পড়ে শোনান। পরবর্তীতে প্রধানমন্ত্রীর আগমনে যাতে কোন ধরনের বাধা সৃষ্টি না হয় এজন্য আর এ বিষয়টি নিয়ে কোন আলাপ আলোচনা করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ সফর শেষে এমপি আবু জাহির সদর থানাকে বিষয়টি অবগত করেন। সদর থানার ওসি নাজিম উদ্দিন কয়েকদিন এ মোবাইল ফোনটিতে কল করে ফোনটি বন্ধ পান। পরবর্তীতে পুলিশ নানাভাবে তল্লাশি চালিয়ে নিশ্চিত হয়, এ নাম্বারটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বিপ্লবের। এ প্রেক্ষিতে গত বুধবার রাত ৯টায় সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিপ্লবের বাড়ি পইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করে থানায় নিয়ে আসে। যে মোবাইল নাম্বার থেকে এমপি আবু জাহিরকে এসএমএস করা হয়েছিল সে সিম কার্ডটি বিপ্লবের কাছে পায় পুলিশ।

সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল হক বিপ্লবের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়। এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ বিকেলে সমাচারকে জানান, তিনি বাদি হয়ে সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের জরুরীসভায় গতকাল অনুষ্ঠিত হয়। সভায় এনামুল হক বিপ্লবকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কার করা হয়েছে।

প্রথম পাতা