চুনারুঘাট প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে আদালতের আদেশে এক বছরের শিশু পুত্রকে উদ্ধার করে মায়ের কুলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের আব্দুস সত্তার মিয়ার কন্যা শরিফা খাতুন (১৯)কে বিয়ে করেন শায়েস্তাগঞ্জ বড়চর পৌরসভা এলাকায় আতাব আলী ছেলে রফিকুল ইসলাম। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে আবির নামে এক শিশুর জন্ম হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানান কারনে স্বামী রফিকুল ইসলাম স্ত্রীকে নির্যাতন ও মারধোর করে আসছে। এ নিয়ে রফিকুলের সাথে স্ত্রী শরিফার দ্বন্ধ সৃষ্টি হয়। সম্প্রতি রফিকুল ছেলে আবিরকে রেখে তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর শরিফা বাদী হয়ে ছেলেকে ফেরত পাওয়ার জন্য আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার এস আই মোঃ জুলহাস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পিতার বাড়িতে অভিযান চালিয়ে শিশু আরিবকে উদ্ধার করে তার মায়ের কুলে ফিরিয়ে দেয়। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।