আ’লীগ নেতা সজিব আলীর বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরে অভিযোগ ॥ গ্রেফতারের দাবি
তারিখ: ৩-ফেব্রুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচাল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজিব আলী। তিনি আগামী ১২ ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রচারনা করে যাচ্ছেন। সজিব আলীর এই প্রচারণা বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোঃ নুর আলম। 
লিখিত অভিযোগে জানা যায়, জুলাই আন্দোলনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী তার লোকজন নিয়ে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেন এবং ছাত্রজনতার উপর হামলার নায়ক হিসেবে কাজ করেন। তিনি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়ার সুবাধে আন্দোলন বানচাল করতে শহরে বিভিন্ন পয়েন্টে নিরীহ শ্রমিকদের ব্যবহার করেন। এছাড়াও তিনি তার নিজ এলাকা বানিয়াচং থেকে টেটা ও দেশীয় অস্ত্রসহ লোকজন শহরে জড়ো করে আন্দোলনকরীদের বিরুদ্ধে হামলা চালান। ৫ আগস্ট আওয়ামী লীগ পতনের পর সজিব আলী কিছুদিন গা ঢাকা দিলেও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে দলকে সংগঠিত করতে সজিব আলীকে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে ইতিপূর্বে তিনি বিভিন্ন উপজেলা নেতাদের নিয়ে গোপন বৈঠকও করেন। এমনকি তার বাসা সংলগ্ন শহরের বাইপাস রোডে দলীয় লোকজন দিয়ে কয়েকবার মশাল মিছিল করেছেন। এ সংক্রান্ত খবর পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার পরও সজিব আলী অদৃশ্য কারণে রয়েছেন বহাল তবিয়তে। 
ইদানিং সজিব আলী নতুন ফন্দি করে ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রচার করছেন। কৌশল হিসেবে জনৈক প্রার্থীর লিফলেট হাতে নিয়ে বিতরণ করছেন অন্যদিকে নিজের একান্ত লোকজনকে ভোটে না যাওয়ার ইশারা দিচ্ছেন। এ নিয়ে তার সাথে থাকা লোকজনের মাঝে কানাঘোষাও চলছে বলে জানা গেছে। 
এদিকে গত কয়েকদিনে সজিব আলী লিফলেট বিতরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্ব মহলের আলোচনার ঝড় উঠে। অনেকের মনে প্রশ্ন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজিব আলী প্রকাশ্যে লিফলেট বিতরণ করে তিনি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? হঠাৎ করে এমন প্রচারণা ভোট বানচালের কৌশল কি না? সেই আলোচনা এখন ‘টক অব দ্যা টাউন’-এ পরিণত হয়েছে। 
সজিব আলীর তার লোকজনের এমন অপতৎপরতায় ভোট বানচালসহ জুলাই যোদ্ধাদের উপর যে কোন সময় হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সচেতনমহল। এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই গ্রামের ছিদ্দিক আলীর পুত্র মোঃ নুর আলম পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সজিব আলী ও তার লোকজনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

প্রথম পাতা