হবিগঞ্জ-৪ আসনে শান্তি নিরাপত্তার দাবিতে চা শ্রমিকদের পছন্দ সৈয়দ ফয়সল
তারিখ: ৩-ফেব্রুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥


 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে উপজেলার ২৩টি চা বাগানে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ব্যাপক জনসমর্থন দৃশ্যমান হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত চা বাগান এলাকাগুলোতে এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর-চুনারুঘাটের ২৩টি চা বাগানে মোট ভোটার সংখ্যা প্রায় ৭৫ হাজার, যা এই আসনের নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতীতে এসব ভোটারের বড় অংশই নৌকার সমর্থক ছিলেন। তবে এবার নৌকা প্রতীক না থাকায় তারা স্থানীয় ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সৈয়দ মোঃ ফয়সলের দিকে ঝুঁকছেন বলে জানান।
সোমবার দিনভর কয়েকটি চা বাগানে সরেজমিনে গিয়ে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তারা নিরাপত্তা, শান্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা ও ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, “চা বাগানের মানুষ মূলত শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও মৌলিক উন্নয়ন চায়। আমরা বিভিন্ন দিক বিবেচনা করে দেখেছি সৈয়দ মোঃ ফয়সল সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তার কাছে কোনো অন্যায়, জুলুম বা হয়রানির জায়গা নেই।”
চন্ডি চা বাগানের শ্রমিক শ্যামল সাঁওতাল বলেন, “আমরা চাই নির্বাচনের পরেও স্বাধীনভাবে চলাফেরা করতে, ব্যবসা করতে এবং শান্তিতে থাকতে। আমরা বিশ্বাস করি সৈয়দ ফয়সল সেই পরিবেশ নিশ্চিত করতে পারবেন।”
মাধবপুর-চুনারুঘাট উপজেলায় উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু ভোটার রয়েছে, যাদের ভোট ব্যাংক নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। বেজুরা এলাকার অনুর কুমার নাগ বলেন, “যে প্রার্থী আমাদের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজে হয়রানি করবেন না আমরা তাকেই সমর্থন দিচ্ছি। সেই হিসেবে এবার আমাদের পছন্দ সৈয়দ ফয়সল।”
নির্বাচনকে সামনে রেখে সোমবার সারাদিন ধরেই এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। সন্ধ্যায় শাহজাহানপুর-রতনপুর গ্রামে এক জনসভায় বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বক্তব্য দেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি তার বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচন, আইনের শাসন এবং সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন।
সকালে ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ মোঃ জুবায়ের কামাল ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাকে ঘিরে সমর্থন জানান।
এছাড়া বুল্লা বাজারে সৈয়দ মোঃ শাহজাহান প্রচারণা করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। চৌমুহনী বাজারে ধানের শীষের বিশাল মিছিল শেষে সাবেক ওসি নূরুল ইসলাম বক্তব্য দেন। শাহপুর বাজারে বক্তব্য রাখেন সৈয়দ ইশতিয়াক আহমেদ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চা বাগান ভোটারদের মনোভাব বদল হলে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে মাধবপুর-চুনারুঘাটের চা বাগান এলাকাগুলো এখন নির্বাচনী উত্তাপের কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রথম পাতা