স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের কল্যাণে, মানুষের কল্যানে যেসব কাজ করতে হয় বিএনপি তা করবে। আওয়ামীলীগ অন্যায় করেছে, জুলুম করেছে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই অপকর্মগুলো বিএনপির দ্বারা হবে না, ইনশাআল্লাহ। তিনি গতকাল সোমবার লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
জি কে গউছ আরও বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ১ বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ৩ বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের প্রত্যাশা পূরণে চেষ্টা করেছে। বিএনপি আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের জন্য আরও ভাল কাজ কিভাবে করা যায় সেই পরিকল্পানা বিএনপি গ্রহন করেছে।
তিনি বলেন- সবাইকে ভোট সেন্টারে যেতে হবে। এবারের ভোট খুব হিসাব করে দিতে হবে। যদি ভুল হয় তাহলে এর খেসারত সারা জাতিকে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের কাছে নিরাপদ তাদেরকে ভোট দিতে হবে। দেশকে ভালবাসতে হবে, দেশকে নিজের অন্তরে ধারণ করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকেই বিশ্বাস করতে হবে, তাদেরকেই ভোট দিতে হবে। যারা দেশকে ভালবাসে না তারা কিভাবে দেশের মানুষকে সেবা দিবে। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সারাদেশের ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হবে।
জি কে গউছ বলেন- বেকার যুবকদের কারিগরি শিক্ষা, কর্মক্ষম খাত গড়ে তোলার জন্য অনেক পরিকল্পনা নিয়েছে। আমাদের দেশের বহু মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যায়। এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে যায় না। এই মানুষগুলোকে বিভিন্ন রকম ট্রেনিং দেবো যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও দেশের ইমাম-মুয়াজ্জিনের জন্য সরকারি ভাতা দেয়া হবে। বিএনপির পরিকল্পনা আছে, প্রতিশ্রুতি আছে এবং আমরা তা বাস্তবায়ন করব।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, আব্দুল মোতালেব, এডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সদস্য সচিব আহমেদ আজম প্রমুখ।