সন্তান জন্মদানে অক্ষমতাই কাল হল আলেয়ার ॥ চুনারুঘাটে শাশুড়ির নির্যাতনে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
এ কে কাওসার ॥

চুনারুঘাটে শাশুড়ির অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে  আলেয়া (১৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৭টায় ওই উপজেলার আতিকপুর গ্রামে। জানা যায়, ওই গ্রামের জমির আলীর পুত্র জহুর আলী (২৫) প্রায় দেড় বছর পূবেই একই উপজেলার পশ্চিম বড়াইল গ্রামের জয়নুল্লাহ’র কন্যা আলেয়াকে বিয়ে করে। বিয়ের পর তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিছুদিন পরই ওই সন্তানটি মারা যায়। এর পর থেকেই আলেয়ার উপর নেমে আসে শাশুড়ির অত্যাচারের ষ্ট্রীম রোলার। আলেয়ার কন্যা সন্তানটি মারা যাওয়ার পর আর কোন সন্তান না হওয়ায় শাশুড়ি কুলসুমা বেগম কারণে-অকারণে আলেয়াকে গালমন্দ করতো। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার ভোরে ঘুম থেকে উঠার পরই শাশুড়ি তাকে মারধোর করতে থাকে। এ সময় শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সকাল ৭টায় আলেয়া বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয়। খবর পেয়ে তার ছোট ভাই শাহিন মিয়া মুমূর্ষু অবস্থায় আলেয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় আলেয়া মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রথম পাতা
শেষ পাতা