স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল-এর করোনা মুক্তি কামনা বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে তিনি করোনায় আক্রান্ত হলে খবরটি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলাবাসীসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে করে মরহুম শরীফ উদ্দিন স্মৃতি গ্রন্থাগার, বানিয়াচং উপজেলা যুবলীগ, ৪নং যাত্রাপাশা আসকর উল্লা মসজিদ, ২নং ইউনিয়নের সৈদ্যাটুলা গ্রামবাসীসহ বিভিন্ন এলাকার দলীয় নেতৃবৃন্দ, শুভাকাঙ্খি, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। আজ শুক্রবারও বানিয়াচং উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে উপজেলা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ২য় বারের মত নমুনা পরীক্ষা করা হলে ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের করোনা পজিটিভ আসে। এতে তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাবাসীসহ জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, করোনার শুরু থেকেই ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জের অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছেন। পরিবারের অর্থায়নে তিনি প্রায় দেড় বছর অসহায় দিন মজুর, রিক্সা চালক, এতিম শিশু, তৃতীয় লিঙ্গ, বৃদ্ধ, পঙ্গুসহ সমাজের বিভিন্ন শ্রেণির লোকদের সহযোগিতা করেছেন। করোনায় দ্বিতীয় ডেউয়ের মধ্যেও তিনি সাধারণ মানুষের মুখে একটু হাসি ফুটাতে পুরো রমজান মাস সারাদিন রোজা রেখে অসহায় মানুষগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।