স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ঐতিহাসিক চা শ্রমিক দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লস্কর পুর চা বাগানে চা শ্রমিক নেতা বিশ্বনাথ কালিন্দী এর সভাপতিত্বে ও ভজন ভৌমিক এর
সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট জোনায়েদ আহমেদ, হবিগঞ্জ জেলা শ্রমিক আন্দোলনকারী নেতা শফিকুল ইসলাম, নারী নেত্রী হবিগঞ্জ জেলা খায়রুন আক্তার, বেবুল তন্ত রায় ভ্যালিসহ বিভিন্ন চা-শ্রমিক নারী পুরুষ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আজ ২০ মে মহান চা শ্রমিক দিবস। ১৯২১ সালের এই দিনে চাঁদপুরে মেঘনার তীরে জাহাজঘাটে শ্রমিক ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ব্রিটিশ উপনিবেশ দ্বারা চা শিল্পের গোড়াপত্তনের সময় উনিশ শতকের মাঝামাঝি থেকেই চায়ের বাণিজ্যিক উৎপাদনের জন্য বিপুল শ্রমিকের চাহিদা দেখা দেয়। কিন্তু স্থানীয় শ্রমিকদের দ্বারা এই শিল্প চালু করা সম্ভবপর নয়।
তাই ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দালালদের মাধ্যমে শ্রমিক নিয়ে আসা শুরু করে। শ্রমিক সংগ্রহের জন্য নির্দিষ্ট কমিশনপ্রাপ্ত দালালরা ‘আরকাটি’ নামে পরিচিত ছিল। নানা বঞ্জনা ও নির্যাতনের মধ্যেই এই ইতিহাসের সুচনা। যা আজও চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান। চা শ্রমিক জনগোষ্ঠীর দাবি আজকের এই দিনটিকে যেন সরকারি ভাবে স্বীকৃতি দেয়া হয়।