ফলোআপ ঃ- আজমিরীগঞ্জে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ॥ চাচী ও চাচাত ভাইয়ের মৃত্যুর খবর শোনে অপর চাচাত ভাইয়ের মৃত্যু
তারিখ: ১৮-মে-২০১৪
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জে নৌকাডুবিতে চাচাত ভাইয়ের মৃত্যুর খবর শুনে রিপন (৩০) নামে এক যুবক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ১২টায়। পর পর মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারীতে এলাকায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে শোকের মাতম। জানা যায়, গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কুদালিয়া নদীতে নৌকা ডুবে এরশাদ মিয়াসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনার খবর পেয়ে এরশাদের চাচাত ভাই টমটম চালক রিপন শেরপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। নবীগঞ্জে আসামাত্র হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। গতকাল শনিবার বিকেল ৩টায় নৌকাডুবির ঘটনায় নিহত ৩জনসহ রিপনের লাশ দাফন করা হয়। নিহত রিপন জলসুখা মীরহাটির আইয়ূব আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে শেরপুরে তার নানার বাড়িতে থেকে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। এদিকে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় একই পরিবারের ৪ ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারে চলছে  শোকের মাতম।

প্রথম পাতা
শেষ পাতা