জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে সভা
তারিখ: ১৮-মে-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১৪ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইউনিটির সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান প্রার্থী মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, মহাসচিব আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, সাবেক মহাসচিব সালাহ উদ্দিন, এলজিইডি‘র চীফ ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, পিডিবি‘র ডাইরেক্টর আলাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা ইউনিট কমান্ডের কমান্ডার পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ১৭ সদস্য বিশিষ্ট ইউনিট কমান্ডারগণের নাম প্রকাশ করেন এবং হেলিকপ্টার মার্কায় ভোট প্রদানের জন্য সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান। এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান প্রার্থী মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম-এর নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট প্যানেলের পক্ষে টেলিভিশন মার্কায় ভোট প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ আলী পাঠানের নেতৃত্বাধীন প্যানেলের সহকারী কমান্ডার (প্রচার) তোজাম্মেল হক তরফদার ও মোঃ আব্দুল্লাহ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৪ জুন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন মুক্তিযোদ্ধা ভোটার কেন্দ্রে ৪১, জেলায়-১৭ ও উপজেলায় ১১জনকে ভোট প্রদান করতে পারবেন।

প্রথম পাতা
শেষ পাতা