চুনারুঘাটে পারকুল চা বাগান ও রশিদপুর বনবিটের দন্ড
তারিখ: ১৮-মে-২০১৪
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে অস্ত্রের মুখে রক্ষা পেল বাগানের হাজার চা শ্রমিক। উপজেলার পারকুল নাসিমাবাদ চা বাগান ও রশিদপুর বনবিটের বনভূমির সীমানা নিয়ে দু’পক্ষে লড়াই চলে আসছে দীর্ঘদিন ধরে। কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বনবিটের বনকর্মী ও বনরক্ষীরা বাঁশ বাগান সৃজন কল্পে বাখরউনা নামক স্থানে প্রায় ১০ বিঘা বন ভূমিতে চারা গাছ রোপন করে। খবর পেয়ে গত বুধবার পারকুল ও নাসিমাবাদ চা বাগানের চা শ্রমিকরা ওই রোপনকৃত চারা গাছ উপড়ে ফেলে । এ সময় বনকর্মী ও বনরক্ষীরা উত্তেজিত হয়ে চা শ্রমিকদের দিকে এগিয়ে আসে। উভয়ের মাঝে বাক-বিতন্ডা ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রশিদপুর বনবিটের উত্তেজিত ফরেস্টার ও বন প্রহরীরা চা শ্রমিকদের দিকে গুলি করার উদ্দেশ্যে তাদের ব্যবহৃত বন্দুক তাক করে। এনিয়ে উভয় পক্ষের মাঝে চলে আতঙ্ক ও উত্তেজনা। এ ঘটনায় সালিশ পড়লে উভয়পক্ষ চলে যায়। এ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় দু’বাগানের হাজারো চা শ্রমিক। বেঁচে যায় বনকর্মী বনরক্ষীরাও। রশিদপুর বন বিটের ফরেস্টার আমিরুল ইসলাম খাঁন, সেই অস্ত্র তাক করে গুলি করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করে তিনি আরও বলেন, আমাদের ক্ষতি করবে, আর আমাদের স্টাফ ও আমরা কি বসে থাকব? আত্মরক্ষার স্বার্থে অস্ত্র ব্যবহার হয়। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা শেখ আব্দুল কাদের বলেন, বিষয়টির দিকে আমি অবগত। আমাদের বন ভূমিতে আমাদের লোকজন বাঁশ বাগান সৃজন করার জন্য চারা গাছ রোপন করেছিল। পারকুল চা বাগান ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, বন বিভাগের লোকজন অবৈধভাবে আমাদের চা বাগানের ভূমি জবর দখলের জন্য চারা রোপন করেছিল। তা বাগানের শ্রমিকরা তুলে ফেলেছে। চা শ্রমিকদের বিরুদ্ধে চারা উত্তোলনের দায়ে বন বিভাগে মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা যায়।

প্রথম পাতা
শেষ পাতা